
Nov 12th, 2026 · আদিবাসী সম্প্রদায়
19
Last updated Nov 20th, 2026
14

বাংলাদেশে এখন রেংমিৎচা ভাষায় সাবলীলভাবে কথা বলেন হাতে গোনা কয়েকজন প্রবীণ মানুষ। কিছুদিন আগেও তাঁদের সংখ্যা ছিল ছয়। ২০২৬ সালের জুলাইয়ে ইত্তেফাক ও টিবিএস বাংলা জানিয়েছে, ৫ মে একজনের মৃত্যুর পর সংখ্যাটি এখন পাঁচ। তাঁরা বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়ির কয়েকটি পাহাড়ি পাড়ায় আলাদা আলাদা পরিবারে বাস করেন। নিজের ঘরে নিজের ভাষায় কথা বলার মতো দ্বিতীয় মানুষ প্রায় কেউ পান না।
এই ভাষাকে নিয়েই ২০২৬ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আইএমএলআই) থেকে প্রকাশিত হয়েছে ৩৮৪ পৃষ্ঠার গ্রন্থ রেংমিৎচা: একটি বিপন্ন ভাষার ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব। গ্রন্থকার মুহাম্মদ তসলিম উদদীন একে এই ভাষার প্রথম ব্যাকরণ বলে অভিহিত করেছেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান গ্রন্থটির ‘পরিচালকের কথা’য় একে রেংমিৎচা ভাষার ওপর ‘প্রথম পদ্ধতিগত অ্যাকাডেমিক গবেষণা’ বলেছেন।
একই ভাষার ধ্বনিতত্ত্ব নিয়ে তসলিম উদদীনের আরও একটি গ্রন্থ রয়েছে, এবং সেটি ভিন্ন গ্রন্থ, ভিন্ন প্রকাশকের। ইংরেজিতে লেখা Rengmítcâ: A Phonological Study of an Endangered Kuki-Chin Language of Bangladesh ২০২৬ সালে ভারতের রিসার্চ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। দুটি গ্রন্থের বিষয় এক হলেও এগুলো পৃথক প্রকাশনা। তাই উদ্ধৃতির সময় কোন গ্রন্থ থেকে তথ্য নেওয়া হচ্ছে, তা আলাদা করে বলা প্রয়োজন। এই লেখায় ‘বাংলা গ্রন্থ’ বলতে আইএমএলআইয়ের গ্রন্থ, আর ‘ইংরেজি গ্রন্থ’ বলতে রিসার্চ পাবলিকেশনের গ্রন্থ বোঝানো হয়েছে।
বানান প্রসঙ্গে: ‘রেংমিৎচা’ ও ‘খুমী’ বানান নিয়ে গবেষকের অবস্থান
নামের বানান ও রূপমূলগত শুদ্ধতা প্রসঙ্গে মুহাম্মদ তসলিম উদদীন তাঁর গ্রন্থে একটি সুনির্দিষ্ট নৃভাষা বৈজ্ঞানিক ও ধ্বনিতাত্ত্বিক অবস্থান গ্রহণ করেছেন। প্রথমত, রেংমিৎচা ভাষার ধ্বনিতাত্ত্বিক কাঠামোতে কোনো মূর্ধন্য ‘ট’ (/ʈ/) ধ্বনি নেই, বরং দন্ত্য স্পর্শধ্বনি /t/ বিদ্যমান। তাছাড়া, কুকি-চিন রূপতত্ত্বে বংশ ও উপদল পরিচয় নির্দেশক প্রত্যয়টি স্পষ্টভাবে ‘-চা’ (-ca), যা কোনোভাবেই ‘-ট্চ’ বা ‘-ট্যা’ নয়। প্রাট (Praat) সফটওয়্যারের অ্যাকুয়েস্টিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে, অন্যান্য কুকি-চিন ভাষার তুলনায় রেংমিৎচায় শব্দ-অন্ত্য বা সিলেবল-কোডায় (coda) দন্ত্য স্পর্শধ্বনি /t/ নিয়মিতভাবে অত্যন্ত স্পষ্ট উচ্চারণে সংরক্ষিত থাকে। অতএব, ভাষার উচ্চারণগত বিশুদ্ধতা ও রূপমূলতাত্ত্বিক স্বাতন্ত্র্য বাংলা লিপিতে ধরে রাখতে হসন্ত ‘ৎ’ ও প্রত্যয় ‘চা’ যোগে ‘রেংমিৎচা’ বানানটি ব্যবহার করাই পরম ব্যাকরণসম্মত ও যৌক্তিক।
দ্বিতীয়ত, এ গবেষণায় পার্বত্য চট্টগ্রামের কুকি-চিন ভাষা গোষ্ঠীর ক্ষেত্রে ‘খুমী’ (দীর্ঘ-ঈ কার) বানানটি সচেতনভাবে গ্রহণ করা হয়েছে। সমাজভাষাতাত্ত্বিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে খুমী সম্প্রদায়ের নিজস্ব আত্ম-সংজ্ঞয়নের অধিকারকে (Linguistic Self-Definition) সম্মান জানানো অপরিহার্য। অন্যদিকে কুকি-চিন ব্যাকরণে ‘খুমী’ শব্দটি ‘থু’ (ভূমি) ও ‘মী’ (মানুষ) রূপমূলদ্বয়ের সমন্বয়ে গঠিত, যা রূপমূলতাত্ত্বিক স্বাতন্ত্র্য হ্রস্ব-ই কারে বিনষ্ট হয়। খুমী জনগোষ্ঠীর নিজস্ব পছন্দ, উৎপত্তিগত বিশুদ্ধতা ও সমাজভাষাতাত্ত্বিক সংবেদনশীলতার তাগিদেই এই গবেষণায় সর্বত্র ‘খুমী’ বানানটি ব্যবহৃত হয়েছে। সংবাদমাধ্যমে মাঝে মাঝে অন্য বানান চললেও, এই লেখায় এবং গ্রন্থের নামের ক্ষেত্রে মূল বানান ও লেখকের রূপমূলগত এই সিদ্ধান্ত অক্ষুণ্ন রাখা হয়েছে।
ছয়জনের ভাষা
রেংমিৎচা তিব্বতি-বর্মি ভাষাপরিবারের কুকি-চিন শাখার একটি ভাষা। ডার্টমাউথ কলেজের ভাষাবিদ ডেভিড এ. পিটারসনের শ্রেণিবিন্যাস অনুযায়ী খুমী, লেমি, ম্রো-খিমি ও রেংমিৎচা একই দক্ষিণ-পশ্চিম উপদলের অন্তর্ভুক্ত। তসলিম উদদীনের গ্রন্থের প্রথম পরিশিষ্টেও তুলনাটি খুমীর সঙ্গেই করা হয়েছে। ম্রো ভাষা প্রসঙ্গে উল্লেখ্য, বক্তারা প্রতিদিন ম্রো ভাষায় কথা বললেও ম্রো কুকি-চিন শাখার ভাষা নয়; ভাষাবিদদের বিবেচনায় তা একটি স্বতন্ত্র ক্ষুদ্র পরিবারের অন্তর্গত। ইয়াংঙান ম্রো একবার বলেছিলেন, দুই ভাষার মিল বড়জোর দশ শতাংশ। রেংমিৎচাভাষীরা নিজেদের মধ্যে কথা বললে ম্রোরা তা বুঝতে পারেন না।
ভাষাটির নিজস্ব বর্ণমালা নেই, তবে প্রাতিষ্ঠানিক কোডিংয়ের ক্ষেত্রে এর আইএসও কোড [mis] ISO 639-3 এবং গ্লটোকোড reng1255 হিসেবে নথিভুক্ত রয়েছে। ভাষা-তালিকা গ্লটোলগ একে ‘মুমূর্ষু’ হিসেবে চিহ্নিত করেছে, আর এন্ডেঞ্জারড ল্যাঙ্গুয়েজেস আর্কাইভে ইউনেস্কোর মানদণ্ডে এর অবস্থান ‘চরম বিপন্ন’।
তবু ভাষাটির গঠন বেশ প্রাচীন বৈশিষ্ট্যের ধারক। পিটারসন লিখেছেন, দক্ষিণ-মধ্য কুকি-চিন ভাষাগুলোর মধ্যে রেংমিৎচা ‘রক্ষণশীল’; এই দলের আদি-ভাষার শব্দের শুরু ও শেষের ব্যঞ্জনধ্বনি এতে এখনো টিকে আছে, যা অন্য সগোত্র ভাষায় হারিয়ে গেছে। তাঁর মূল্যায়নে এটি ম্রো থেকে শব্দ ধার নিয়েছে, কিন্তু ব্যাকরণিক গঠনে ম্রোর প্রভাব সামান্য। তসলিম উদদীন একই বিষয়কে বলছেন ‘আদি সেস্কুইসিল্যাবিক রূপমূলীয় কাঠামো’ অক্ষুণ্ন থাকা। দুই গবেষক ভিন্ন পথে ও ভিন্ন উপাত্তে প্রায় একই সিদ্ধান্তে পৌঁছেছেন, ভাষাবিজ্ঞানে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
আইএমএলআইয়ের পরিচালকের লেখায় সাবলীল বক্তাদের মধ্যে সর্বকনিষ্ঠের বয়স ৬১ ও সর্বজ্যেষ্ঠের ৮৩ বছর, এবং অদূর ভবিষ্যতে ভাষাটির কোনো জীবিত বক্তা থাকবেন কি না, সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে একে একটি ‘মুগ্ধ ভাষার শেষ শ্বাসটিকে ধরে রাখার এক ঐতিহাসিক দলিল’ বলেছেন।
ম্রোদের পাড়ায় আশ্রয়
রেংমিৎচারা কবে এই অঞ্চলে এসেছিলেন, সে বিষয়ে মতানৈক্য নেই। তসলিম উদদীনের হিসাবে দুইশো বছরের বেশি আগে আরাকান থেকে এসে তাঁরা মাতামুহুরী নদীর উজানে বসতি স্থাপন করেন। গ্লোবাল ভয়েসেসের প্রতিবেদনে সময়টি সতেরো শতক, যখন খুমীদের সঙ্গে একটি ছোট দল এসেছিল। ক্রাংসি পাড়ার প্রধান তিনওয়াই ম্রো জানিয়েছেন, পাড়াটির বয়স তিনশো বছরের বেশি, এবং একসময় সেখানে সবাই রেংমিৎচা ছিলেন। সময়কাল যা-ই হোক, তাঁরা এই অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা।
বিপর্যয় এসেছে কয়েক দফায়। প্রথমে বিশ শতকের মাঝামাঝি এক মহামারি, যা তসলিম উদদীনের বর্ণনায় একের পর এক পাড়াকে জনশূন্য করে দেয়। যাঁরা বেঁচে ছিলেন, তাঁরা প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী বৃহত্তর ম্রো জনগোষ্ঠীর পাড়ায় আশ্রয় নেন, এবং কালক্রমে তাঁদের সঙ্গে মিশে যান।
মাংপুন ম্রো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, তাঁর দশ-বারো বছর বয়সে এলাকায় পাঁচটি রেংমিৎচা পাড়া ছিল, প্রতিটিতে পঞ্চাশ-ষাট ঘর। বাইরের মানুষ এলে তাদেরই রেংমিৎচায় কথা বলতে হতো। থোয়াইংলক ম্রোর স্মৃতিতে তৈন খালের আশপাশে দশ-বারোটি পাড়া ছিল; তাঁর বাবা মৃত্যুর দিন পর্যন্ত ম্রো ভাষা বুঝতেন না। এরপর এল উপহাসের প্রসঙ্গ। রেংমিৎচা বললে ম্রোরা হাসত, শিশু-কিশোররা লজ্জা পেত, ধীরে ধীরে কেউ আর ভাষাটি উচ্চারণ করতে চাইল না।
আশির দশকে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতায় বহু রেংমিৎচাভাষী মিয়ানমার ও ভারতের দিকে চলে যান। প্রয়াত পায়া ম্রো ২০১৫ সালে এ কথা বলেছিলেন, (যা প্রথম আলো ২০২২ সালে উদ্ধৃত করেছে) যাঁরা থেকে গেলেন, তাঁরা ছড়িয়ে-ছিটিয়ে পড়লেন। ইয়াংঙান ম্রোর বর্ণনায়, কোনো গ্রামে পঁচিশ ঘরের মধ্যে সাতটি রেংমিৎচা, কোথাও মাত্র একটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের অধ্যাপক সৌরভ সিকদারের মতে, জনসংখ্যার এভাবে বিচ্ছিন্ন হয়ে পড়াই বিপন্নতার প্রধান কারণ হতে পারে।
তসলিম উদদীনের বিশ্লেষণে আরও কয়েকটি কারণ যুক্ত হয়েছে। নিজস্ব বর্ণমালা ও লিখিত সাহিত্য না থাকায় নতুন প্রজন্ম মাতৃভাষা শেখার সুযোগ পায়নি। কঠোর গোত্রীয় অন্তর্বিবাহের নিয়ম রয়েছে, ফলে ছোট জনসংখ্যা আরও সংকুচিত হয়েছে। বর্তমানে ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানও ম্রোদের মাধ্যমে পরিচালিত হয়, ফলে ভাষা টিকিয়ে রাখার মতো কোনো সামাজিক কাঠামো আর অবশিষ্ট নেই। তাঁর একটি পর্যবেক্ষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ: ভিটেমাটি ও ভূখণ্ড হারিয়ে ছোট পরিবারগুলো যখন অন্য পাড়ায় আশ্রয় নিতে বাধ্য হয়, তখন ভাষা রক্ষার চেয়ে খাদ্য ও নিরাপত্তার সংস্থানই অগ্রাধিকার পায়। ভাষা হারানো এখানে পরিবারের পছন্দ নয়; রাষ্ট্র ও ভূমির রাজনীতিই সেই পছন্দ তৈরি করে দিয়েছে।
সম্প্রদায়ের ভেতর থেকে ভিন্ন সুরও শোনা যায়। বান্দরবান জেলা পরিষদের সদস্য ও ম্রোদের নিয়ে গ্রন্থপ্রণেতা সিংয়ং ম্রো বিডিনিউজকে বলেছিলেন, রেংমিৎচাভাষীরা নিজেরাই ভাষা রক্ষায় তেমন আগ্রহী নন। অন্যদিকে কুনরাও ম্রো ঘরে কথা বলার কেউ না থাকার কষ্টের কথা জানিয়েছেন; উত্তর দেওয়ার মানুষ নেই বলে কিছু বলতেই ইচ্ছে করে না। দুটি বক্তব্যই একসঙ্গে সত্য হতে পারে।
যাঁরা আগে এসেছিলেন
তসলিম উদদীনের আগেও রেংমিৎচার একটি গবেষণা-ইতিহাস রয়েছে, যা না জানলে তাঁর কাজের তাৎপর্য পুরোপুরি বোঝা যায় না।
এই ভাষার প্রথম লিখিত চিহ্ন একটি শব্দতালিকা। সুইস নৃবিজ্ঞানী লোরেঞ্জ জি. লফলারের সংগৃহীত সেই তালিকা কয়েক দশক ধরে ভাষাটির প্রায় একমাত্র দলিল ছিল। আইএমএলআইয়ের পরিচালকের লেখায় লফলারকে সুইস-জার্মান নৃবিজ্ঞানী বলা হয়েছে, যিনি গত শতকের পঞ্চাশের দশকের শেষ দিকে আলীকদমে প্রথম এই ভাষার সন্ধান পান এবং ধারণা করেছিলেন ভাষাটির মৃত্যু ঘটেছে।
পরবর্তী ধাপে পিটারসন। তাঁর প্রকল্প-প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে তিনি যখন বক্তাদের সন্ধান পান, তখন ভাষাটি সম্পর্কে জানা ছিল কয়েকটি উল্লেখ ও ওই তালিকা থেকে; বাংলাদেশ সরকারও এর অস্তিত্ব সম্পর্কে অবগত ছিল না। প্রথম আলো অবশ্য সালটি লিখেছে ২০১৩। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের অনুদানে পিটারসন রেংমিৎচার নথিভুক্তির প্রকল্প পরিচালনা করেন। ২০২০ সালে প্রকাশিত তাঁর প্রবন্ধে প্রায় পাঁচ ঘণ্টার রেকর্ডিং এবং আনুমানিক পঁচিশটি গল্প-বর্ণনার ভিত্তিতে ক্রিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য দেখানো হয়েছে।
এই প্রকল্পে পিটারসনের গবেষণা-সহকারী ছিলেন ইয়াংঙান ম্রো, যিনি তৈন খালের দুর্গম পাড়াগুলোতে ঘুরে ঘুরে বক্তাদের খুঁজে বের করেছেন। বক্তারাই একসময় তাঁকে একটি অভিধান প্রণয়নের অনুরোধ জানান। ২০২৩ সালের জানুয়ারিতে নিজ ব্যয়ে প্রকাশিত হয় মিটচ্য তখক, রেংমিৎচার প্রথম প্রকাশিত অভিধান। এতে তিন হাজারের বেশি শব্দ রয়েছে।
এরপর শুরু হয় ভাষাশিক্ষার ক্লাস। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে আলীকদমের ক্রাংসি পাড়ায় প্রতি সন্ধ্যায় এক রেংমিৎচা পরিবারের ঘরে শিশু-কিশোররা সমবেত হয়। শিক্ষক সিংরা ম্রো, মাংপুন ম্রোর পুত্র। পাঠ্যবই ওই অভিধানই।
সংরক্ষণের আরেকটি ধারা চলছে ডাবলিনে। ট্রিনিটি কলেজ ডাবলিনের গবেষক আফসানা ফেরদৌস আশা, অধ্যাপক নাথান ডব্লিউ. হিলের তত্ত্বাবধানে, রেংমিৎচার একটি বৃহৎ রেকর্ডিং-সংগ্রহ গড়ে তুলছেন।
অর্থাৎ ২০২৬ সালে রেংমিৎচার পেছনে একাধিক স্বতন্ত্র উদ্যোগ সক্রিয়। তসলিম উদদীনের গ্রন্থ তার একটি, এবং এটিই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে। আইএমএলআইয়ের পরিচালকের মূল্যায়নে এসব কাজের পরও ভাষাটির প্রকৃত কাঠামো, ধ্বনির রূপতাত্ত্বিক বিন্যাস ও তাত্ত্বিক বিশ্লেষণ, অর্থাৎ ভাষাবিজ্ঞানের মূল ভিত্তি, এর আগে সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি।
তসলিম উদদীনের গবেষণাযাত্রা
মুহাম্মদ তসলিম উদদীন ভাষাবিজ্ঞানী ও লোকসংস্কৃতি-গবেষক। ইংরেজি গ্রন্থের প্রচ্ছদের লেখক-পরিচিতি অনুযায়ী তাঁর জন্ম ১৯৮৫ সালে, চট্টগ্রামে। তিনি হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ থেকে পিএইচডি পর্যন্ত কৃতিত্বের সঙ্গে ডিগ্রি অর্জন করেছেন।
রেংমিৎচা নিয়ে তাঁর চর্চা শুরু ২০১৯ সালের ডিসেম্বরে। তারপর করোনা মহামারি এল, মাঠগবেষণা মাঝপথে থেমে গেল। তসলিম উদদীন ঘরে বসে বিশ্বের অন্যান্য বিপন্ন ভাষা, বিশেষত তিব্বতি-বর্মি পরিবারের ভাষাগুলোর গবেষণায় মনোযোগ দেন। ২০২২ সালের অক্টোবর থেকে তিনি পুনরায় জোরালোভাবে কাজ শুরু করেন।
তাঁর শিক্ষক, ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান ও উপদেষ্টা অধ্যাপক সালাউদ্দীন আইয়ুব তাঁকে এ নিয়ে গবেষণায় উৎসাহিত করেন। অধ্যাপক সালাউদ্দীন আইয়ুব সম্প্রতি ভারত থেকে প্রকাশিত ইংরেজি গ্রন্থের মুখবন্ধ লিখেছেন।
মাঠপর্যায়ের কাজ চলেছে প্রায় সাড়ে তিন বছর। আলীকদমের পাহাড়ি পথ ধরে, লফলার ও পিটারসনের রেখে যাওয়া মানচিত্র ও বিবরণ অনুসরণ করে তিনি অগ্রসর হয়েছেন। সঙ্গে দোভাষী হিসেবে ছিলেন স্থানীয় ম্রো তরুণ মেংক্রাত ম্রো। বয়োজ্যেষ্ঠদের মাচাংঘরে রাত কাটিয়েছেন, জুমের মৌসুমে পাহাড়ের ঢালে ঘুরেছেন, এবং প্রবীণদের স্মৃতি থেকে হারিয়ে যেতে বসা শব্দ সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক গবেষণা-নীতি (IRB) অনুসরণ করে প্রতিটি তথ্যদাতার কাছ থেকে লিখিত বা মৌখিক সম্মতি নিয়েছেন এবং তাঁদের নাম উল্লেখ করে স্বীকৃতি দিয়েছেন।
দুই প্রধান বক্তা
ইংরেজি গ্রন্থের প্রচ্ছদে দুই প্রবীণ বক্তার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি ছাপা হয়েছে।
মাংপুন রেংমিৎ ম্রো (৮৩), আলীকদমের ক্রাংসি পাড়ার বাসিন্দা। প্রচ্ছদে তাঁকে ভাষাটির প্রধান জীবিত ধারক বলা হয়েছে।
থোয়াইংলক রেংমিৎ ম্রো (৬১), আলীকদম উপজেলার মেনসিং পাড়ার বাসিন্দা। প্রচ্ছদে তাঁকে ভাষাটির কিংবদন্তিতুল্য সংরক্ষক ও দ্বিতীয় সাবলীল বক্তা বলা হয়েছে।

এই পরিচিতি একটি পরিচিত চিত্রই আবার সামনে আনে: প্রবীণ প্রজন্মে ভাষাটি এখনো সচল, কিন্তু প্রজন্মান্তরে হস্তান্তরের ধারা প্রায় ছিন্ন।
গ্রন্থের অভ্যন্তরে ও বৈজ্ঞানিক মূল্যায়ন
আইএমএলআইয়ের পরিচালকের লেখা অনুযায়ী এই গ্রন্থের সবচেয়ে বড় নতুনত্ব হলো, রেংমিৎচার মতো একটি লিপিহীন ভাষার ওপর আধুনিক ভাষাবিজ্ঞানের তাত্ত্বিক ও প্রযুক্তিগত কাঠামোর সফল প্রয়োগ। সংগৃহীত রেকর্ডিং ‘Praat’ সফটওয়্যারে বিশ্লেষণ করে স্বর ও ব্যঞ্জনধ্বনির অ্যাকুয়েস্টিক পরিমাপ করা হয়েছে: প্রথম ও দ্বিতীয় ফরম্যান্ট (F1, F2), ভয়েস অনসেট টাইম (VOT) এবং পিচ কনট্যুর (F0) পরিমাপ করে এই ভাষার বৈশিষ্ট্যগুলোকে নিখুঁত বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড় করানো হয়েছে।
তাত্ত্বিক দিকে অপটিম্যালিটি থিয়োরির সিলেবল গঠন ও যুক্তব্যঞ্জনের বিন্যাস বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে, তাত্ত্বিক স্ববিরোধিতা দূর করে রেংমিৎচা ভাষায় গ্লটাল স্টপের স্বাধীন অবস্থান এবং শব্দের শেষে অন্ত্য যুক্তব্যঞ্জনের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা হয়েছে। এর মাধ্যমে তিনি ভাষার ইনপুট এবং আউটপুটের মধ্যকার ‘Markedness’ ও ‘Faithfulness’ কনলেইন্টগুলোর দ্বন্দ্ব চমৎকারভাবে তুলে ধরেছেন। এ ছাড়া জেনারেটিভ সিভি (CV) ফোনোলজি ও সোনোরিটি সিকোয়েন্সিং প্রিন্সিপল (SSP)-এর আলোকে সিলেবল ওয়েট বা মাত্রা বিশ্লেষণ এবং ‘সেস্কুইসিল্যাবিক’ (দ্বিখণ্ডিত শব্দাংশের গঠন— যা তিব্বতো-বর্মান ভাষার একটি অনন্য বৈশিষ্ট্য) তিনি অত্যন্ত সুচারুভাবে উপস্থাপন করেছেন।
ভাষাটিতে ‘টোন’ বা সুরের ব্যবহার এবং স্ট্রেসের সঙ্গে তার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে গবেষক আইয়াম্বিক (Iambic) ও ট্রোকেইক (Trochaic) বিন্যাসের অন্তর্দৃষ্টির পরিচয় দিয়েছেন। অন্যদিকে ‘লোন ফোনোলজি’ (Loan Phonology) বা ঋণশব্দ এবং রূপধ্বনিমিতাত্ত্বিক (Morphophonemic) অভিযোজন অধ্যায়ে তিনি দেখিয়েছেন কীভাবে ম্রো, বাংলা বা চাটগাঁইয়া ভাষা থেকে ধার করা শব্দগুলো রেংমিৎচার নিজস্ব ধ্বনিতাত্ত্বিক নিয়মে পরিবর্তিত হয়ে যায়। পাশাপাশি ঋণশব্দগুলোর আত্মীকরণ ‘পারসেপচুয়াল অ্যাসিমিলেশন মডেল’ (PAM)-এর মতো আধুনিক ভাষাতাত্ত্বিক মডেলের প্রয়োগ এই গবেষণাকে একটি বহুমুখী ও পূর্ণাঙ্গ রূপ দিয়েছে।
বাংলা গ্রন্থের শেষ দিকে পাঁচটি পরিশিষ্ট রয়েছে (২৯০ থেকে ৩৫৮ পৃষ্ঠা), যা গবেষণার ‘মূল পরীক্ষণমূলক দলিল’।
স্বতন্ত্র: প্রথম দুই পরিশিষ্টে সোয়াদেশের ২০৭ শব্দের তালিকার ওপর লেভেনস্টাইন দূরত্ব মাপার মাধ্যমে প্রমাণ করা হয়েছে ম্রোদের সঙ্গে সহাবস্থান সত্ত্বেও রেংমিৎচা তার নিজস্ব শব্দভাণ্ডার ও ব্যাকরণ স্বতন্ত্র রেখেছে।
অবিকৃত: তৃতীয় পরিশিষ্টে সত্তর বছরের ব্যবধানে লফলারের সংগৃহীত তালিকার সঙ্গে জীবন্ত দুই বক্তার শব্দ তুলনা করে ত্রিমুখী যাচাইয়ের মাধ্যমে দেখানো হয়েছে ভাষাটির মৌলিক রূপমূলীয় কাঠামো বদলায়নি।
জীবন্ত: পঞ্চম পরিশিষ্টে জুমচাষী ও নারীদের স্বতঃস্ফূর্ত দৈনন্দিন আলাপ বাংলা প্রতিবর্ণায়ন, আইপিএ (IPA) ধ্বনিলিপি, বাংলা অনুবাদ ও ইংরেজি অনুবাদে চার স্তরে লিপ্যন্তর করা হয়েছে।
‘প্রথম’ বলতে কী বোঝানো হচ্ছে
গ্রন্থটিকে প্রথম ব্যাকরণ বা ‘প্রথম পদ্ধতিগত অ্যাকাডেমিক গবেষণা’ বলা হচ্ছে। পিটারসন বা আফসানা ফেরদৌস আশার কাজ থাকলেও, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বসহ গ্রন্থাকারে, বাংলা ভাষায় বা বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রকাশনায় এটিই প্রথম। আইএমএলআইয়ের পরিচালকের লেখা অনুযায়ী তসলিম উদদীন বর্তমানে রেংমিৎচার রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব ও প্রয়োগতত্ত্ব নিয়েও কাজ করছেন, যা ভাষাটির ব্যাকরণিক অবয়বকে সম্পূর্ণতা দেবে।
রেংমিটচ্যের বাইরে
তসলিম উদদীনের গবেষণা রেংমিটচ্যেই সীমাবদ্ধ নয়। চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল, আনোয়ারার উত্তর বন্দর গ্রাম ও চন্দনাইশের দোহাজারীর ‘দাঁড়াইল্যা খোট্টা’ সম্প্রদায়কে নিয়ে তাঁর দুটি গবেষণাগ্রন্থ রয়েছে, একটি পূর্ণাঙ্গ এবং অন্যটি ধ্বনিতত্ত্ব বিষয়ক। পর্যালোচনা অনুযায়ী ইউনেস্কো, এথনোলগ কিংবা মাতৃভাষা ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানে এই ভাষার প্রাতিষ্ঠানিক উল্লেখ ছিল না, এবং তসলিম উদদীনই প্রথম ক্ষেত্রসমীক্ষা পরিচালনা করে একে ‘গুরুতর বিপন্ন’ ভাষা হিসেবে চিহ্নিত করেন। খোট্টাদের পূর্বপুরুষ নাকি মোগল আমলে শাহ সুজা বা মীর জুমলার সৈন্যদলের সঙ্গে উত্তর ভারত থেকে এসেছিলেন; নাট্যকার ডা. দীপঙ্কর দে ও প্রকৌশলী চন্দন বাবুর সূত্রে তসলিম উদদীন ষষ্ঠ পুরুষ আশরাফ আলী (৬১) ও আরও অনেকের কাছে পৌঁছান। এই সম্প্রদায় শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চলের কারণে কৃষিজমি হারাচ্ছে, আর ‘খোট্টা’ নামটি স্থানীয় সমাজে অবমাননাকর হয়ে ওঠায় তরুণেরা পরিচয় গোপন করছে। রেংমিটচ্যের অভিজ্ঞতার সঙ্গে এর সাদৃশ্য লক্ষণীয়।
আরেকটি গ্রন্থ চাকমা, মারমা ও ত্রিপুরা জাতিসত্তা: লোকজীবন ও লোকসংস্কৃতি। ১৮৬০ সালে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে পৃথক জেলা করার পর তিন রাজপরিবারের ওপর যে তিনটি সার্কেলের দায়িত্ব অর্পিত হয়, সেই চাকমা, বোমাং ও মং সার্কেলের ইতিহাস দিয়ে গ্রন্থটির সূচনা। এরপর চাকমাদের ‘চম্পকনগর’-এর স্মৃতি, মারমাদের পেগু থেকে আগমন, ত্রিপুরাদের মাণিক্য রাজবংশের কথা, এবং তিন জাতির উৎসব, গান ও নৃত্য আলোচিত হয়েছে।
এরপর কী
নথিভুক্তি ও টিকে থাকা এক বিষয় নয়, এই প্রবন্ধের শেষে এ কথা স্বীকার করতেই হয়। রেংমিটচ্য নিয়ে বর্তমানে যে গবেষণা হয়েছে, ভাষাটির জীবন রক্ষার জন্য তা প্রয়োজনীয় শর্ত, কিন্তু যথেষ্ট নয়।
সরকারি অবস্থান এখনো অস্পষ্ট। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ২০১৪-১৫ সালের সমীক্ষায় বাংলাদেশে ৪১টি ভাষা শনাক্ত হয়, যার ১৪টি বিপন্ন। প্রথম আলো ও বিডিনিউজের প্রতিবেদন অনুযায়ী সেই ১৪টির মধ্যে রেংমিটচ্য রয়েছে, ইনস্টিটিউটের একজন পরিচালক একে ‘গুরুতর সংকটাপন্ন’ও বলেছেন, কিন্তু ২০২২ সালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্য ডেইলি স্টার ২০২৪ সালে লিখেছে, রেংমিটচ্য সরকারি তালিকায় নেই। দুটি দাবির মধ্যে সামঞ্জস্য নেই; সমীক্ষার মূল প্রতিবেদন দেখে তা যাচাই করা প্রয়োজন।
বানানের প্রশ্নটিও অমীমাংসিত। পিটারসন তাঁর গবেষণায় রোমান হরফে একটি ব্যবহারিক বানানরীতি গ্রহণ করেছেন। অভিধানটি ম্রো হরফে, আবার কোথাও বাংলা হরফে লেখা। ২০২০ সালের প্রকল্প-প্রতিবেদন বলছে, কোন বানানরীতি অনুসরণ করা হবে সে বিষয়ে সম্প্রদায় তখনো নিশ্চিত ছিল না। তসলিম উদদীনের গ্রন্থের পঞ্চম পরিশিষ্টে অবশ্য বাংলা প্রতিবর্ণায়ন ও আইপিএ, দুই পদ্ধতিতেই লেখা হয়েছে; ভবিষ্যতের বানানরীতি-আলোচনায় এই কাজগুলো পাশাপাশি বিবেচনা করা প্রয়োজন হবে।
শেষে মাংপুন ম্রোর সেই বাক্যে ফিরে যাই: ‘কাই পা:আই রেংমিৎচা’, আমি রেংমিৎচা ভাষার পিতা। ক্রাংসি পাড়ার সন্ধ্যার ক্লাসে যে শিশুরা শব্দ মুখস্থ করছে, তাদের হাতে এখন একটি অভিধান আছে, একটি মুদ্রিত ব্যাকরণ আসছে, এবং কয়েকজন গবেষক বছরের পর বছর তাদের পাশে রয়েছেন। এর কোনোটিই ভাষাটিকে স্বয়ংক্রিয়ভাবে রক্ষা করবে না। কিন্তু যেদিন কেউ আবার ঘরে বসে রেংমিটচ্যে গল্প শুরু করবে, ‘তোক্কিয়ে… ও তোক্কিয়ে…’ বলে ডাক দেবে, সেদিন সেই কণ্ঠস্বর, ব্যাকরণ ও রেকর্ডিং, তিনটিই কাজে লাগবে।
তথ্যসূত্র:
১। মুহাম্মদ তসলিম উদদীনের রেংমিৎচা-বিষয়ক গ্রন্থের পরিচিতিমূলক পাণ্ডুলিপি: লেখকের স্মৃতিকথা, গ্রন্থতথ্য ও পাঁচটি পরিশিষ্টের বিবরণ।
২। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মাওলা-র লেখা পর্যালোচনা ‘বিলুপ্তির বিপরীতে স্বর: বিপন্ন ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ’।
৩। জুমজার্নাল, রেংমিটচ্য ভাষা অভিধান “মিটচ্য তখক”: ছয়জন বক্তার শব্দের বই, হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬। দেশেবিদেশে, প্রথম আলো, টিবিএস বাংলা, বিডিনিউজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি স্টার, গ্লোবাল ভয়েসেস ও ইত্তেফাকের যেসব প্রতিবেদনের উল্লেখ এই প্রবন্ধে রয়েছে, সেগুলো ওই পাতার মাধ্যমে সংগৃহীত।
৪। ডেভিড এ. পিটারসন, ‘The stem alternation in Rengmitca’, Himalayan Linguistics ১৯(২), ২০২০; মার্কিন জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের অনুদান ১৩৬০৭৭০; এন্ডেঞ্জারড ল্যাঙ্গুয়েজেস আর্কাইভ, সংগ্রহ ০৮১৬; গ্লটোলগ। এসব তথ্যও জুমজার্নালের পাতার সূত্রে প্রাপ্ত।
প্রসঙ্গ:আদিবাসী ভাষা, ব্যাকরণ, রেংমিৎচা
জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।