
উৎস: বাংলাদেশ জাতীয় সংসদের বিতর্ক — খণ্ড ২ সংখ্যা ২৫
তারিখ: মঙ্গলবার, ৩ জুলাই, ১৯৭৩
বিষয়: কর্ণফুলীতে উৎপাদিত বিদ্যুৎ
শ্রী লারমা : বিদুৎ-শক্তি বিভাগের মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি— (ক) কর্ণফুলী পানি-বিজলী প্রজেক্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য কতটি জেনারেটর বর্তমানে চালু আছে;
(খ) কর্ণফুলী পানি-বিজলী প্রজেক্টের বিদ্যুৎ বিক্রয় করিয়া বৎসরে মোট কত টাকা আয় হয়; এবং
(গ) কর্ণফুলী পানি-বিজলী প্রজেক্টের উৎপাদিত বিদ্যুৎ বিক্রয়ের কোন টাকা অপরিশোধিত আছে কিনা; যদি থাকে, তবে সরকার এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করিয়াছে?
খন্দকার মোশতাক আহমদ : (ক) দুইটি।
(খ) কর্ণফুলীতে উৎপাদিত বিদ্যুৎ গ্রিড লাইনে সরবরাহ করা হয়। সেজন্য এর কোন আলাদা হিসাব রাখা হয় না।
(গ) (খ)-এর উত্তর প্রযোজ্য।
শ্রী লারমা : মাননীয় মন্ত্রী মহোদয় তাঁর লিখিত উত্তরে বলেছেন যে, কর্ণফুলীতে উৎপাদিত বিদ্যুৎ গ্রিড লাইনে সরবরাহ করা হয়। সেজন্য এর কোন আলাদা হিসাব রাখা হয় না। আমি তাঁর কাছ থেকে জানতে চাই যে, ভবিষ্যতে কর্ণফুলীতে উৎপাদিত বিদ্যুতের আলাদা হিসাব রাখা হবে কিনা।
খন্দকার মোশতাক আহমদ : জনাব স্পিকার সাহেব, অনেক কিছু মিলিয়ে হিসাব রাখা হয়, আপাতত কর্ণফুলী বিদ্যুৎ প্রকল্পের জন্য আলাদা কোন হিসাব রাখার প্রয়োজনীয়তা অনুভূত হয়নি। ভবিষ্যতে এরকম প্রয়োজনীয়তা যদি অনুভূত হয়, তবে তা দেখব৷
শ্রী লারমা : কাপ্তাই ড্যামে জেনারেটর চালু রাখার জন্য সেখানে যে পানি রয়েছে, বর্ষাকালে সেই পানির লেভেল একশ’ ফুটের উপর চলে যায়, তারপর আস্তে আস্তে সেই লেভেল কমে কমে কোন সময় ৯০ ফুট, কোন সময় ৮৭ ফুট, কোন সময় ৮৫ ফুট হয়ে যায়, এর কারণ মন্ত্রী মহোদয় বলবেন কি?
জনাব স্পিকার : This is a highly technical question. এর উত্তর যদি আপনি জানতে চান, তবে পৃথক বিজ্ঞপ্তি দিবেন।
বিষয় : পল্লী বিদ্যুতায়ন
শ্রী লারমা : মাননীয় মন্ত্রী মহোদয় দয়া করে বলবেন কি, এই বৈদ্যুতিকরণ প্রশ্নে যে ৩০০টি গ্রাম নেওয়া হয়েছে, এই ৩০০টি গ্রাম কোন কোন জেলায় অবস্থিত?
জনাব স্পিকার : সব জেলাই হবে।
শ্রী লারমা : মাননীয় স্পিকার সাহেব, এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের কোন গ্রাম নাই। পার্বত্য চট্টগ্রামের কোন গ্রাম আজ পর্যন্ত বৈদ্যুতিকরণ করা হয় নাই।
খন্দকার মোশতাক আহমদ : বাংলাদেশে এই প্রধান লাইন যাওয়ার পথে যে সব এলাকার সুবিধা আছে সেসব এলাকা বৈদ্যুতিকরণ করা হয়েছে। কোন ৩০০টি গ্রাম বৈদ্যুতিকরণ করা হইয়াছে, সেটার তালিকা চাইলে, নোটিশ দিলে আমি তা পরবর্তীকালে হাউসে উপস্থিত করতে পারি।
প্রসঙ্গ:এমএন লারমা, জুম্ম, পার্বত্য চট্টগ্রাম, মানবেন্দ্র নারায়ণ লারমা
জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।